আরও এক বছর ব্যাটিং কোচের দায়িত্বে আশরাফুল

এক সময় ব্যাট হাতে দেশের সবচেয়ে আলোচিত প্রতিভা ছিলেন মোহাম্মদ আশরাফুল। এখন সেই আশরাফুলই জাতীয় দলের ড্রেসিংরুমে অন্য ভূমিকায়। ব্যাটার তৈরির দায়িত্বে থাকা এই সাবেক অধিনায়কের ওপর আবারও আস্থা রাখলো বিসিবি। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের চুক্তি বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী তিনি আরও এক বছর বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। এই নতুন চুক্তির মেয়াদ থাকবে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছর প্রথম বার জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। শুরুতে তাকে দুইটি সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তখনই জানা গিয়েছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে তার। এবার সেই দায়িত্ব আরও দীর্ঘ হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশরাফুলের ওপর আস্থা রেখে তার মেয়াদ বাড়িয়েছে। ফলে আগামী এক বছর জাতীয় দলের ব্যাটিং উন্নয়নে সরাসরি কাজ করবেন এই সাবেক তারকা ব্যাটার। এই নতুন চুক্তির মিশন শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই। এই সিরিজকে সামনে রেখে আশরাফুলের লক্ষ্যও পরিষ্কার। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ দল। গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আশরাফুল স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ২-১ ব্যবধানের জয় নয়, চান ৩-০ ব্যবধানে সিরিজ জিততে। তিনি আরও জানান, প্রতিপক্ষ দলে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হলেও বাংলাদেশ নিজেদের সেরা খেলাই খেলতে চায়। (স্পোর্টস ডেস্ক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *