ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে : নাকভি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ভারতের সঙ্গে এশিয়া কাপের ম্যাচে উদ্ভূত হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের অবস্থান দেশের সম্মান রক্ষা করেছে।

নাকভি, সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম শেঠির সঙ্গে গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিং দিতে গিয়ে জানান, ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সালমান আলী আঘা, কোচ এবং টিম ম্যানেজারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা জানিয়েছেন।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাচ রেফারি পাইক্রফট অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ক্ষমা করেছেন। আমরা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি, ১৪ সেপ্টেম্বরের ম্যাচে যেসব নিয়ম লঙ্ঘন হয়েছে তা তদন্ত করার জন্য। নাকভি আরো বলেন, ‘আমি এই পরিস্থিতি নিয়ে সাবেক চেয়ারম্যান নাজম শেঠি ও রমিজ রাজার সঙ্গে পরামর্শ করেছি। আল্লাহর করুণা, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে। এখন আমরা আশা করি দল সেরাটা প্রদর্শন করবে।’

সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘এটি পাকিস্তানের জন্য একটি জয়। এখন সবার মনোযোগ দলীয় পারফরম্যান্সে থাকা উচিত। ক্রিকেটকে রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপান্তর করা যায় না।’ তিনি আম্পায়ারিং নিয়ে উদ্বেগও প্রকাশ করে জানান, ‘অ্যান্ডি পাইক্রফট ভারতের পক্ষে পক্ষপাতিত্ব দেখিয়েছেন।’
নাজম শেঠি পিসিবির দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘পিসিবি সবসময় বিশ্বাস করে যে খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়।
(মোজাম্মিল হোসেন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *