মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু, প্রাথমিক খুলবে মঙ্গলবার

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে আজ (২২ জুন)। একই দিনে ক্লাসে বসেছে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী মঙ্গলবার। এছাড়া মাদরাসা খুলে দেওয়া হবে ২৬ জুন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং স্ব স্ব অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ রাখা হয়। ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল গত ১ জুন। তবে ছুটি শুরুর আগে সাপ্তাহিক বন্ধ পড়ায় সবশেষ ক্লাস হয়েছিল ২৯ মে।

দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে গত ১৯ জুন। ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

অন্যদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয় ১ জুন। ১৯ জুন ছুটি শেষ হয়। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *