লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী কর্মী দিপালীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা অঞ্চলে চলমান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।’ বিবৃতিতে বলা হয়, বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দীপালির মৃত্যুর ঘটনাতেও গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে সরকার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

এর আগে, গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় মিস দীপালি নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হন। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। (ডেস্ক রিপোর্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *