ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক, পল কাপুর

মার্চের শুরুতে এস পল কাপুর, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ঢাকা সফরে আসছেন। এই সফরে তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের প্রথম সৌজন্য সাক্ষাতে আসন্ন এ সফর নিয়ে আলোচনা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সময় ঢাকা-ওয়াশিংটন অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রস্তুতি হিসেবে ঢাকা সফরে আসছেন পল কাপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে গড়ে উঠেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন অংশীদারত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র পর্যালোচনা করা হয়।

এছাড়া, বৈঠকে রোহিঙ্গা ইস্যুও গুরুত্বের সঙ্গে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক রাজনৈতিক সমর্থন কামনা করেন।

উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, সব খাতে সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী বছরগুলোতে নতুন উচ্চতায় পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার কার্যালয়ে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। (ডেস্ক রিপোর্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *