কবে দেশে ফিরবেন শহিদুল আলম? যা জানা গেল

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরছেন শনিবার (১১ অক্টোবর) ভোরে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। পরে সন্ধ্যায় ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, শহিদুল আলমের মুক্তি ও প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি আন্তর্জাতিক সংগঠন গাজামুখী নৌযাত্রা শুরু করেছিল। এই অভিযানে যুক্ত ছিল ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’-র আটটি নৌযানও।

মোট নয়টি নৌযানের বহরে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। সেই দলের সদস্য ছিলেন বাংলাদেশের শহিদুল আলম। গত বুধবার (৮ অক্টোবর) গাজার নিকটবর্তী সাগরসীমায় ওই নৌবহরে আক্রমণ চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে ইসরায়েলি সেনারা। (মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *