ট্রাম্পের সহযোগীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার উটা ভ্যালি ইউনিভার্সিটি প্রাঙ্গণে ভাষণ দেওয়ার সময় এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাবুর নিচে বসে থাকা অবস্থায় হঠাৎ গুলির শব্দে চেয়ার থেকে পড়ে যান চার্লি। মুহূর্তেই উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছুটোছুটি শুরু করে। পুলিশ জানিয়েছে, তার গলায় গুলি লেগেছিল।

এ ঘটনায় এখনও হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার পর উটা’র সিনেটর মাইক লি সামাজিক মাধ্যমে লিখেছেন, পরিস্থিতির ওপর নজর রাখছি। চার্লি কার্ক ও সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করুন।

মৃত্যুর খবর জানার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে শোক প্রকাশ করে বলেন, চার্লি যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় বোঝার ক্ষেত্রে অনন্য ছিলেন। তিনি ছিলেন আমার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়। মেলানিয়া ও আমি তার স্ত্রী এরিকা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। (মিসবাহ উদ্দিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *