সায়মা বিনতে কবির: পিরোজপুর-২ আসনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ এখন চূড়ান্ত এক আগ্রহের কেন্দ্রে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কার নাম আসছে—তা নিয়ে কৌতূহল যেমন বাড়ছে সাধারণ মানুষের, তেমনি প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠছে রাজনীতির ভেতরে। এই প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে উঠে এসেছেন একজন নতুন কিন্তু জনপ্রিয় নাম—মাহমুদ হোসেন।
২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেও, এই অল্প সময়ে তিনি যেভাবে এলাকাবাসীর আস্থার জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা এখন অনেকের কাছেই বিস্ময়ের। যারা রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে আছেন, তাদের অনেকেই যেখানে গণসংযোগে ধীর, সেখানে মাহমুদ হাসান হয়ে উঠেছেন জনগণের দোরগোড়ায় পৌঁছানো এক পরিচিত মুখ। তিনি নির্বাচনী মাঠে নামেননি দলীয় পরিচয়কে ঢাল বানিয়ে; বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করেছেন। তরুণ-প্রবীণ, নারী-পুরুষ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের সাথে তার সহজ সম্পর্ক, প্রতিদিনকার কথা শোনা, প্রয়োজনের সময় পাশে থাকা—এসবের মধ্য দিয়ে গড়ে তুলেছেন এক শক্তিশালী সামাজিক সেতুবন্ধন।
রাজনীতির চেনা ছকের বাইরে গিয়েই তিনি নিজেকে তুলে ধরেছেন একজন সেবক হিসেবে, একজন প্রতিনিধি হিসেবে নয়। পিরোজপুর-২-এর রাজনৈতিক প্রেক্ষাপট বিচারে এটাও সত্য, যে সময় বিএনপি-জোটের হয়ে এখানে নির্বাচন হয়েছে, তখন দলের কৌশলগত সিদ্ধান্তেই ভিন্ন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে দলের প্রতীক ব্যবহার হলেও স্থানীয়ভাবে প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন ছিল। এবার সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি—তারা চাইছেন এমন একজনকে, যিনি শুধু দলের নয়, এলাকারও প্রতিনিধি হবেন। এই প্রেক্ষাপটে মাহমুদ হোসেন অনেকখানি এগিয়ে রয়েছেন।
তার মধ্যে আছে এক ধরনের সততা, যেটি রাজনীতির মাঠে এখন অনেকটাই দুর্লভ। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কটা হয়ে উঠেছে আত্মিক—কোনো আনুষ্ঠানিকতার গণ্ডিতে বাঁধা নয়। যারা দীর্ঘদিন মাঠে ছিল না, তারা এখন মাঠে নামছে—আর যারা মাঠেই ছিলেন, তারা মানুষের বিশ্বাসে জায়গা করে নিচ্ছেন। মাহমুদ হোসেন সেই দ্বিতীয় ধারার প্রতিনিধি। তার উঠে আসা বিএনপির জন্য যেমন একটি নতুন সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি এটি এক ধরনের রাজনৈতিক বার্তাও দিচ্ছে—দলীয় মনোনয়ন মানেই শুধু অভিজ্ঞতা নয়, প্রয়োজন মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা। পিরোজপুর-২-এর মানুষ পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়—এমন এক নেতৃত্ব, যিনি কাছের, যিনি কর্মের, এবং যিনি স্বপ্ন দেখাতে জানেন। সেই স্বপ্নের নাম হতে পারে মাহমুদ হোসেন।

