শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী

শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে’ দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।রুহুল কবির রিজভী বলেন, আপনারা (অন্তর্বর্তী সরকার) ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। এই বাজেটের সঙ্গে শেখ হাসিনার বাজেটের পার্থক্য কী বলুন? শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন, আপনারাও দিয়েছেন। এটাতো অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে, এটা মানুষ জানতে চায়।

তিনি বলেন, এই বাজেটের ২৩ শতাংশ উপরে যাবে শুধুমাত্র প্রশাসনের বেতনের জন্য। আর সুদের টাকা যাবে ১৪ শতাংশ। তাহলে গরিব মানুষের জন্য কী রেখেছেন? লাভের গুর তো পিঁপড়ায় খেয়ে ফেলছে, তাহলে জনগণের জন্য কী করলেন?

রিজভী বলেন, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বরাদ্দ কম। কিন্তু আমাদের তো বেশি দরকার স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতে। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা তো সরকারই দেখবে। ড. ইউনূস ক্ষমতায় আসার আগে অনেক কথা বলেছেন। এখনতো তিনি নিজে ক্ষমতায়। তিনি তো গরিব মানুষকে দেখবেন।

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ ভালো চলুক। দেশে সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচন হোক। নির্বাচনটা কবে হবে, আর কত দেরি হবে, জিজ্ঞেস করলে উপদেষ্টা চুপ করে থাকেন। একটা সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করেছে। সংস্কারকে সামনে নিয়ে এসেছে। এখন তাও বলছে না।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *