লিটন-শান্তদের জন্য নতুন নির্বাচক আনছে বিসিবি

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।নির্বাচক প্যানেলের শূন্য পদ পূরণের পরিকল্পনা আঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হান্নান সরকারের জায়গায় নতুন কাউকে নিয়োগের কথা ভাবছে তারা। সহসাই নতুন সাথী পেতে চলেছেন গাজী আশরাফ-আব্দুর রাজ্জাকরা।

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন হান্নান সরকার। এরপর থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু ও আব্দুর রাজ্জাক দু’জনে মিলেই দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাদের সাথে আরেকজন নির্বাচককে যুক্ত করতে চায় বিসিবি।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে আসছেন এই দায়িত্বে, তা জানা যায়নি।

তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে, এই পদের জন্য নারী ক্রিকেট দলের বর্তমান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনকে ভাবছে বিসিবি। অনেক দিন যাবতই তার নাম ভাসছিল বাতাসে।

১৯৯৫ সালে সাজ্জাদ আহমেদ বাংলাদেশের হয়ে দু’টি ওয়ানডে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন দীর্ঘদিন। তাছাড়া অনেক সময় ধরেই তিনি ছেলেদের জুনিয়র নির্বাচক হিসেবে কাজ করে আসছেন।

এদিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নামও আসছে জোরেশোরে। নির্বাচক কমিটির শেষ নিয়োগের সময়ও তিনি ছিলেন আলোচনায়। তাছাড়া তুষার ইমরানও আছেন নির্বাচক প্যানেলে আসার দৌড়ে।(মোঃ মিছবাহ উদ্দিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *